বড়লেখায় মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসার চারতলা ভবন উদ্বোধন করলেন এমপি মিঠু
মৌলভীবাজারের বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমে অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নবনির্মিত চারতলা ভবনটি চালু হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি শিক্ষা পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

