বিরামপুরের নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি, স্মারকলিপি পেয়ে ঢাকা মোড় পরিদর্শনে ইউএনও
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে যানজট, অবৈধ যানবাহনের স্ট্যান্ড, ফুটপাত দখল, শব্দদূষণ ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে ৮ দফা দাবি জানিয়েছে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্ট। এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুনের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। স্মারকলিপি গ্রহণের পরপরই শহরের গুরুত্বপূর্ণ স্থান ঢাকা মোড় পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি সরেজমিনে এলাকার যানজট ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সংগঠনের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সরকারের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিরামপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও পরিকল্পিত ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে নাগরিকদের প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট, অবৈধ যানবাহনের স্ট্যান্ড এবং ফুটপাত দখলের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ অটো, রিকশা, মিশুক, টেম্পু, ভ্যান, বাস ও ট্রাকের স্ট্যান্ড অপসারণ করে নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড স্থাপন; কলাবাগান মোড় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সামনের সড়ক যানজটমুক্ত রাখা; অটো ও রিকশার ভাড়া নির্ধারণ করে তালিকা কার্যকর করা; অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ; সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা; ঢাকা মোড়, কলাবাগান ও কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন; পৌর প্রশাসকের সপ্তাহে অন্তত দুই দিন পৌরসভা কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলাবাগান এলাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী, তাঁদের স্বজন ও অ্যাম্বুলেন্সকে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়। জনস্বার্থে এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
তাঁরা আরও বলেন, বিরামপুরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।
এদিকে স্মারকলিপি গ্রহণের পর ইউএনওর ঢাকা মোড় পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ না থেকে উত্থাপিত আট দফা দাবি বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

