নবীনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সালাম রোড প্রদক্ষিণ করে নবীনগর থানা ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় নয় মাস পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য হযরত আলী এবং ছাত্রদল নেতা রাসেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নেতাকর্মী যেন হয়রানির শিকার না হন। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলী আজ্জমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুল। বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, মাঈন উদ্দিন মাঈনুসহ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এ ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, “অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা না হলে নবীনগরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের আবু সায়িদ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আক্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তফিকুল ইসলাম তপু, নবীনগর উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

