ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড়ের সৈয়দাবাদ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পাশে মানিক স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মজলিশপুর পশ্চিমপাড়ার আবু তাহের ও মরিয়ম বেগমের সন্তান সেলিনা আক্তার (৪৩) এবং মিন্টু মিয়া (৪৭)।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

