https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

বড়লেখায় ‘মিথ্যা মামলায় হয়রানির’ অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

আমাদের বাংলাদেশ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় মিথ্যা ও হয়রানি মূলক মামলায় জড়ানোর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত, আইনি সুরক্ষা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সোনাহর আলী নামের এক ব্যক্তি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বড়লেখা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান। সোনাহর আলী উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে সোনাহর আলী বলেন, একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মামলা দিয়ে তাদের পরিবারের সদস্যদের হয়রানি করে আসছেন। সর্বশেষ তিনি তাদের বিরুদ্ধে সিআর মামলা নং-৬৮৬/২০২৫-এ একটি ফৌজদারি নালিশি মামলা দায়ের করেছেন। মামলায় আব্দুস সালাম অভিযোগ করেছেন, তার নিজ সীমানার ভূমিতে লাগানো গাছ সোনাহর আলীসহ অন্যরা কেটে চুরি করে বিক্রি করেছেন। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন সোনাহর আলী।

তিনি বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা প্রত্যেকে নিজ নিজ ভূমির চতুঃসীমার ভেতরে নিজেদের লাগানো গাছ বিক্রি করেছেন। অন্যের জমিতে প্রবেশ করে কোনো গাছ কাটা বা চুরি করার ঘটনা ঘটেনি। সোনাহর আলী অভিযোগ করেন, বাদী আব্দুস সালাম তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে প্রভাবিত করে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন করিয়েছেন বলে তাদের আশঙ্কা রয়েছে। তাই মামলাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সোনাহর আলী আরও বলেন, এটি তাদের জন্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার অভিযোগ অনুযায়ী, আব্দুস সালাম এর আগেও একই ব্যক্তিদের বিরুদ্ধে চারটি মামলা করেছিলেন। ওই মামলাগুলোর রায় তাদের পক্ষে এসেছে বলে দাবি করেন তিনি। এরপরও নতুন করে মামলা দায়ের করায় তারা উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন সোনাহর আলী। তবে তার অভিযোগ, আব্দুস সালাম কোনো সমাধানে সম্মত না হয়ে মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানি অব্যাহত রেখেছেন।

সোনাহর আলী বলেন, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। দেশের আইন ও আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা শুধু চাই, কোনো পক্ষের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে সত্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। সংবাদ সম্মেলনে তিনি সিআর মামলা নং-৬৮৬/২০২৫-এর অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ভূমি ও গাছের মালিকানা এবং চতুঃসীমা সরেজমিনে যাচাই, পূর্বে দায়ের করা মামলাগুলোর নথি ও আদালতের রায় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া কেউ মিথ্যা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকলে তদন্তে তা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সোনাহর আলীর ছেলে আলী আহমদ, ভাই এখলাছ আলী ও মহব্বত আলী, ভাগ্না নজরুল ইসলাম এবং এলাকাবাসীর পক্ষে আয়াজ আলী, বদরুল ইসলাম, তানভীর আহমদ ও এমরান আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

post_bottom_ad