https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

বড়লেখায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৬, উদ্ধার ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা

Amader Bangladesh 24 ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
https://youtu.be/FqHJ5PuXfhY?si=n6U0_b1mfM9n8Rdr

মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১১ ভরি ২ আনা স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল এবং নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বড়লেখা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে বড়লেখা থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, দুটি কানের দুল ও একটি গলার হার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চোরাই স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মোট ওজন প্রায় ১১ ভরি ২ আনা।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমন, চুরি প্রতিরোধ এবং চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

post_bottom_ad