প্রধানমন্ত্রীর অঙ্গীকার 'ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার' ------- এমরান আহমদ চৌধুরী এমপি
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- যে সময়ই বিএনপি সরকার ক্ষমতায় থাকে, সে সময়ই অন্যান্য ধর্মালম্বীরা নিরাপদে থাকেন, স্বস্তিতে থাকেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার, ধর্ম যার যার; নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই বিএনপির অতীতের সময়ের মতো এবারও সনাতন ধর্মালম্বীরা নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গাপূজা পালন করতে পারছেন।
সোমবার ও মঙ্গলবার দুদিন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন,পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় কোনো দেশ আর নেই। এই সম্প্রীতি আমাদের গর্ব ও অহংকার। শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করা বাংলাদেশের সব ধর্মের মানুষের অধিকার। আর এ উৎসব যাতে অত্যন্ত আনন্দময় হয়, সেজন্য তারেক রহমান সরকার সব ধর্মের মানুষের পাশে আছেন। এই পূজার আগেই সনাতন ধর্মালম্বীদের মাঝে সরকারি তহবিল থেকে সিলেটসহ সারা দেশে পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়েছে।
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্ত ব্যবস্থার খোঁজখবর নেন এমপি এমরান আহমদ চৌধুরী।
এমপি এমরান আহমেদ চৌধুরী বিয়ানীবাজারের পৌর শহরের কালাচাঁদ মন্দির, পোস্ট অফিস রোড মন্দির, সুপাতলা পূজা মন্দির ও নওয়াগ্রাম এলাকার পূজামণ্ডপ এবং গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ, লক্ষীপাশার ঘোষগাও ফুটন্ত গোলাপ যুব সংঘের মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউল, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মাহফুজুল করিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, জেলা বিএনপি নেতা অ্যাড. আবু নাসের পিন্টু ও এনাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মিছবাহ উদ্দিন, যুবদল নেতা দৌলা হোসেন সুবাস ও হারান দাশ প্রমুখ।
এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে গোলাপগঞ্জের ঘোষগাঁও-বাউসী সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), সিলেট-এর বাস্তবায়নে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই ঘোষগাঁও-বাউসী সড়কের পুনর্বাসন ও সংস্কার কাজ পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলজিইডির প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই সড়কটির পুনর্নির্মাণ ও পুনর্বাসনের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে ঘোষগাঁও ও বাউসীসহ আশেপাশের কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম হবে এবং কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

