বড়লেখায় নারী চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার রেইনকোট বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে স্থায়ী নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় চা শ্রমিকদের কাজের সুবিধা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নারী চা শ্রমিকদের হাতে আনুষ্ঠানিকভাবে রেইনকোট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, চা শিল্প ও চা শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে নারী চা শ্রমিকরা প্রতিদিন চা বাগানে কাজ করেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো এ উপহার তাঁদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের কর্মপরিবেশের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শ্রমজীবী মানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতার প্রতিফলন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন চা বাগানের প্রতিনিধি এবং স্থায়ী নারী চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি নারী চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন। এ সময় শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

