https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনায় আরও মনোযোগী করে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মুমিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ফোরাম, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটির (এনপিএস) মৌলভীবাজার জেলা শাখার কো-অর্ডিনেটর।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন, শিলা রানী সিনহা, গৈবী রানী দেব, বিলকিস বেগম ও অঞ্জনা রানী পাল। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, অরবিন্দু পাল ও লিটন দত্তসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে নিয়মিত পড়াশোনা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও তিনি সতর্ক করেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষা একটি দেশ ও জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করলেই হবে না; শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষে নিয়মিত, সুষ্ঠু ও আধুনিক পদ্ধতিতে পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং পাঠদানের কার্যকর কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং ভালো ফলাফল অর্জনে ইতিবাচক পরিবর্তন আসবে।

সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

post_bottom_ad