কমলগঞ্জে ৩০ নারীকে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রথম ব্যাচের পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়
কমলগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নুর। প্রশিক্ষণ ব্যবস্থাপক ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাস। কোর্স সমন্বয়ক ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ণেন্দু কুমার দত্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর ফারুক, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক ফোরাম কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, প্রশিক্ষণ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সহজ শর্তে ঋণ নিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ উদ্যোগে ব্যবসা বা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং, কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
উদ্বোধনের মধ্য দিয়ে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীকে নিয়ে ২১ দিনব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

