https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

মো: শাহীন হাওলাদার ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ফরিদপুরের সালথায় পানিতে পড়ে মৌসুমি মন্ডল (৩৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমি মন্ডল ওই এলাকার পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখা কান্দি গ্রামের বিভূতি মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশের বিলে গোসল করতে যান মৌসুমি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানিতে তার জুতা ও বালতি ভাসতে দেখা যায়। পরে বিলের পানিতে মৌসুমির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। এর আগের দিনও পড়ে গিয়ে মুখে আঘাত পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রোববার সকালে গোসলের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

post_bottom_ad