ওয়াদা লঙ্ঘন করেছে সরকার, জনগণ ক্ষমা করবে না’: জামায়াত আমির
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় জোটের লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, ‘আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরব। আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

