https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী শাহবাজপুর - কুমারশাইল সড়ক

আব্দুল আলীম,বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহবাজপুর-কুমারশাইল সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ ও মাটির স্তর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে শিক্ষার্থী, যানবাহনের চালক ও সাধারণ পথচারীদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশের পিচ উঠে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সহজে বোঝা যায় না। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বেড়েছে। সড়কের গর্ত ও জমে থাকা পানির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা।


স্থানীয় বাসিন্দারা জানান, শাহবাজপুর-কুমারশাইল সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়তে পারে।
স্থানীয়দের দাবি, জনসাধারণের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করুক। 

একই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

post_bottom_ad