বড়লেখায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ মামলায় জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সড়কের পাশে দোকান না বসানো, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং যানজট নিরসনে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, হাজীগঞ্জ এলাকার যানজট নিরসনে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সমিতির সহযোগিতা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

